
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।রোববার ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগের পরই নতুন এ নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়ে নিয়োগের বিষয়টি ইসলামী ব্যাংককে জানিয়েছে। এ খবর দিয়েছে সমকাল।
খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। এখন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।
শেখ হাসিনার সরকারের নিয়োগ দেওয়া একজন ডেপুটি গভর্নরকে কী বিবেচনায় ইসলামী ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ভিত্তিক একটি ব্যবসায়িক গ্রুপের সঙ্গে খোরশেদ আলমের ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে।
এটা সবারই জানা যে, গোয়েন্দা সংস্থার সহায়তায শেখ হাসিনার আমলে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ।
Author
১২ জুন, ২০২৬