
পুড়িয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে আওয়ামী লীগ। ফরিদপুরে বাসে আগুন দিয়ে একজনকে হত্যার মধ্য দিয়ে শুরু করেছে তাদের ফিরে আসার কার্যক্রম।
৫ আগস্টের পর থেকেই প্রধানত আলোচনা ছিল, শেখ হাসিনা ফিরে আসবেন। আপনার যদি মনে থাকে, তাহলে দেখুন, প্রায় রাতেই শোনা যেত—রাতের অন্ধকারে টুস করে দেশে ঢুকবেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর আওয়ামী লীগ ডিসেম্বরে ঘোষণা দিয়েছে, তাদের নেত্রী দেশে ফিরবেন। আর ইতোমধ্যে তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ দেশব্যাপী ধর্মঘটের মতো কর্মসূচি ঘোষণা করেছে।
এই কর্মসূচিকে ঘিরে দেশে ব্যাপক নাশকতা চালাচ্ছে তারা। গত কয়েক দিন ধরে সারা দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় ঝড়ের গতিতে জড়ো হতে থাকেন। ৪৮ ঘণ্টায় ঢাকার শতাধিক স্থানে ককটেল নিক্ষেপ করেন। এ ছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন দেন তারা।
গতকাল রাতে ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে হত্যা করেন। নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছেন তারা।
গত কয়েক দিন ধরে নিষিদ্ধ এই দলটির পলাতক নেতাকর্মীরা ঢাকায় ঝড়ের গতিতে জড়ো হলেও সরকার ও পুলিশ বাহিনীর বিস্ময়কর নিরব ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে না সরকার, না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বার্তা দেখা যায়নি, যা সাধারণ মানুষকে আরও বেশি হতাশ করছে।
দল হিসেবে বিএনপিকেও নীরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। যদিও তাদের ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে মাঠে থাকতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ দলটির কর্মীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করতে দেখা গেছে।
সারা দেশে দানবীয় রূপে কার্যক্রম চালালেও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় শিবিরের নিয়ন্ত্রণে থাকলেও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে ককটেল বিস্ফোরণ ঘটালেও শিবিরকে তেমন কোনো প্রতিরোধমূলক কার্যক্রম চালাতে দেখা যায়নি। তাদের এই নীরব ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশ্ন তুলেছেন তরুণ শিক্ষার্থীরা।
ঢাকসুর ভিপি সাদিক কায়েমকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ককটেল নিক্ষেপের ঘটনা নিয়ে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। এ নিয়ে সংগঠনটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ১৮ ঘণ্টা পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দায়সারাভাবে একটি বিবৃতি দিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো বিবৃতিও দেখা যায়নি।
ক্ষমতায় থাকা বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করার কার্যক্রম না নিয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করাকে রহস্যজনক মনে করছেন সাধারণ মানুষ।
সারা দেশে ককটেল সন্ত্রাস চালালেও দেশের গণমাধ্যমগুলো এসব কার্যক্রমকে একেবারেই উপেক্ষা করছে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গণমাধ্যমকে এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন বলে মন্তব্য করছেন।
আওয়ামী লীগের দানবীয় কার্যক্রম চললেও সরকারের মধ্যে থাকা কিছু মুখপাত্র উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জুলাইপন্থীদের মধ্যে বিভক্তি তৈরি করছেন।
সর্বশেষ বলা যায়, গত তিন দিন ধরে আওয়ামী লীগ ধ্বংস ও হত্যার রাজনীতি করছে। সরকারের নীরব ভূমিকা নিয়ে যে প্রশ্ন তৈরি হচ্ছে, তাতে আবারও সাধারণ মানুষকে রাজপথে আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়ে নামতে হলে তা সরকারের জন্য সুখকর হবে না বলেই সাধারণ মানুষের ধারণা।
Author