
বিশ্ব রাজনীতির মঞ্চে বিরল এক কূটনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—তিন পরাশক্তির এই তিন নেতার একই টেবিলে বসার সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, মধ্যপ্রাচ্যের সংঘাত, বাণিজ্যিক প্রতিযোগিতা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা—সব মিলিয়ে বৈঠকটি কেবল তিন নেতার আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়; বরং বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ গতিপথ বোঝার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেনজেনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই চি। এ সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার তিন নেতার বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। বৈঠকটি বাস্তবায়িত হলে তিন পরাশক্তির শীর্ষ নেতাদের একই পরিসরে আলোচনায় বসার ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাবে।
বৈঠকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তিন নেতার প্রত্যেকেরই আলাদা কৌশলগত লক্ষ্য রয়েছে। একই টেবিলে বসলেও তাঁদের অগ্রাধিকার এক নয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান আগ্রহ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার উদ্দেশ্যেই পুতিন এ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘদিনের যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে মস্কোর জন্য ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুতিনের কাছে এ বৈঠকের আরেকটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা বিশ্বের বড় একটি অংশ রাশিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে একই টেবিলে বসার সুযোগ পেলে পুতিন দেখাতে পারবেন, আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার প্রভাব এখনো অক্ষুণ্ন রয়েছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নিজের অবস্থান তুলে ধরার সুযোগও পাবেন তিনি।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংঘাতের সমাধানকে ঘিরে। এর আগে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পক্ষে মত দিয়েছিলেন। তিন দেশের সম্মিলিত পারমাণবিক সক্ষমতা বিশ্ব নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বিবেচনায় নিলে এ ধরনের আলোচনার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই।
তবে ট্রাম্পের সামনে চ্যালেঞ্জও কম নয়। ইউক্রেন যুদ্ধের সমাধান, ইরানের সঙ্গে সংঘাতের অবসান, চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব বজায় রাখা—সবকিছু একই কূটনৈতিক কাঠামোয় সামলানো সহজ হবে না।
শি জিনপিংয়ের অবস্থান কিছুটা ভিন্ন। চীন একদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যেও স্থিতিশীলতা খুঁজছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বেইজিং সরাসরি গভীরভাবে জড়িয়ে পড়তে চায় না। আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল করাও চীনের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক নয়।
তাই শি জিনপিংয়ের জন্য বৈঠকটি একই সঙ্গে সুযোগ ও ঝুঁকির। তিনি নিজেকে আন্তর্জাতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ও বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রীয় নেতা হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু রাশিয়ার প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা ইউরোপের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিন নেতার বৈঠকে সবচেয়ে কঠিন বিষয় হতে পারে ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো মৌলিক পার্থক্য রয়েছে। ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা, ন্যাটোর সম্প্রসারণ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা—এসব প্রশ্নের সমাধান ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন।
পুতিন চাইবেন আলোচনায় রাশিয়ার নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থকে স্বীকৃতি দেওয়া হোক। ট্রাম্প চাইতে পারেন এমন একটি সমঝোতা, যা তাঁর প্রশাসনের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে। কিন্তু ইউক্রেনের নিজস্ব অবস্থান ও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে কোনো সমাধান দীর্ঘস্থায়ী হবে কি না, সেটিই বড় প্রশ্ন।
এখানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ইউরোপের সঙ্গে চীনের বিশাল বাণিজ্যিক স্বার্থ জড়িত। ফলে যুদ্ধ বন্ধের আলোচনায় চীন কোনো ভূমিকা রাখলে সেটি কেবল রাশিয়ার স্বার্থে নয়, বরং নিজস্ব আন্তর্জাতিক অবস্থান বিবেচনায় রেখেই করবে।
তিন পরাশক্তির আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন—তিন দেশই বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়লে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিদ্যমান পারমাণবিক অস্ত্রভান্ডারের পাশাপাশি চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি ওয়াশিংটনের জন্য উদ্বেগের। অন্যদিকে বেইজিং মনে করে, পারমাণবিক সক্ষমতার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সমান পর্যায়ের আলোচনায় বসার আগে তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের অসমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
ফলে তিন দেশের মধ্যে একটি কার্যকর নিরস্ত্রীকরণ কাঠামো তৈরি করা সহজ হবে না। তবু আলোচনার সূচনা হলে সেটি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
বৈঠনে সবচেয়ে সূক্ষ্ম কূটনৈতিক অবস্থানে থাকবেন শি জিনপিং। যুক্তরাষ্ট্র ও রাশিয়া—দুই দেশের সঙ্গেই চীনের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু দুই সম্পর্কের বাস্তবতা ভিন্ন।
যুক্তরাষ্ট্র চীনের প্রধান বাণিজ্যিক ও প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে রাশিয়া চীনের কৌশলগত অংশীদার। দুই দেশের মধ্যে জ্বালানি, সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
চীন চাইবে না রাশিয়া পুরোপুরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতায় পৌঁছে এমন একটি নতুন অবস্থান তৈরি করুক, যা বেইজিংয়ের কৌশলগত হিসাবকে প্রভাবিত করতে পারে। আবার ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক উত্তেজনার যে চাপ তৈরি হয়েছে, সেটিও চীনের জন্য স্বস্তিকর নয়।
এ কারণে শি জিনপিংয়ের লক্ষ্য হতে পারে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা।
ট্রাম্পের এশিয়া সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফিলিপাইনে কোয়াডভুক্ত দেশগুলোর নিরাপত্তা বৈঠক। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত এই জোট ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারে কাজ করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে কোয়াডের গুরুত্বও বেড়েছে।
একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে। এ দুটি পদক্ষেপের মধ্যে কোনো বিরোধ নেই; বরং এটি ওয়াশিংটনের বহুমুখী কৌশলের প্রতিফলন। সামরিক ও কৌশলগত প্রতিযোগিতা বজায় রেখেও প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিক সহযোগিতার দরজা খোলা রাখতে চায় যুক্তরাষ্ট্র।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এই সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বড় শক্তিগুলোর প্রতিযোগিতার প্রভাব পড়ছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, সমুদ্রপথের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর।
তিন নেতার বৈঠককে ঘিরে ইউরোপের উদ্বেগের একটি কারণ হলো, বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর স্বার্থকে পাশ কাটিয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের নেতারা ইউরোপের যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে আলোচনা করেছিলেন। সেই ইতিহাসের কারণে বর্তমান বৈঠককেও কেউ কেউ বড় শক্তির প্রভাববলয় নির্ধারণের সম্ভাব্য মঞ্চ হিসেবে দেখছেন।
তবে বর্তমান বিশ্ব ১৯৪৫ সালের মতো নয়। এখন আন্তর্জাতিক ব্যবস্থায় জাতিসংঘ, আঞ্চলিক জোট, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা এবং বিভিন্ন মধ্যম শক্তির প্রভাব রয়েছে। ফলে তিন নেতার মধ্যে কোনো সমঝোতা হলেও তা বাস্তবায়নে অন্য রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা উপেক্ষা করা সম্ভব হবে না।
তবু বৈঠকটি সফল হলে বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক যোগাযোগের পথ তৈরি হতে পারে। আর যদি আলোচনা কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ থাকে, তাহলে বিদ্যমান প্রতিযোগিতা ও সংঘাতের সমীকরণে বড় পরিবর্তন আসবে না।
তিন পরাশক্তির এই বৈঠকের ফলাফল বাংলাদেশের মতো উন্নয়নশীল ও ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্যও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রত্যেকেরই আলাদা ভূমিকা রয়েছে।
চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার এবং উন্নয়ন সহযোগী। অন্যদিকে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ, জ্বালানি ও বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে বাংলাদেশের সহযোগিতা রয়েছে।
তিন দেশের মধ্যে সম্পর্কের নতুন কোনো সমীকরণ তৈরি হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখা, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ।
তিন পরাশক্তির নেতাদের একই টেবিলে বসা নিঃসন্দেহে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু কূটনীতির সাফল্য নির্ভর করে কেবল বৈঠক আয়োজন বা যৌথ ছবির ওপর নয়; বরং আলোচনার মাধ্যমে বাস্তব সমস্যার কতটা সমাধান করা গেল, তার ওপর।
পুতিন চাইবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে। ট্রাম্প চাইবেন আন্তর্জাতিক সংঘাত কমিয়ে নিজের কূটনৈতিক সাফল্য তুলে ধরতে। আর শি জিনপিংয়ের লক্ষ্য হবে চীনের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা।
তিন নেতার স্বার্থের এই ভিন্নতা থেকেই বৈঠকটির গুরুত্ব তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাঁরা কি নিজেদের প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারবেন?
শেনজেনের বৈঠক হয়তো রাতারাতি বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেবে না। তবে এটি স্পষ্ট করে দিতে পারে, আগামী দিনের বিশ্বব্যবস্থা সংঘাত ও শক্তির প্রতিযোগিতার দিকে এগোবে, নাকি বড় শক্তিগুলো নিজেদের স্বার্থের হিসাব মেলাতে নতুন কোনো কূটনৈতিক সমঝোতার পথ খুঁজবে।
বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।
Author