Wednesday, November 18, 2026 | অগ্রহায়ণ ৩, ১৪৩৩ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

ডেইলি ওয়াদা
১১ নভেম্বর, ২০২৬
হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নির্ধারনের ক্ষেত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রাভাব নিয়ে কথা বলেছেন। আজ ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদাকে’ একটি স্বাক্ষাতকার দিয়েছেন। ইংরেজিতে প্রকাশিত স্বাক্ষাতকারটি পলিসি পেপারের পাঠকদের জন্য বাংলায় অনুবাদ প্রকাশ করা হলো।


বাংলাদেশের ভারতনীতিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বা রাজনৈতিক ভবিষ্যতের কাছে জিম্মি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তিনি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ যেন বাংলাদেশের জাতীয় স্বার্থের পথে বাধা হয়ে না দাঁড়ায়।


ডেইলি ওয়াদাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ড্যান মোজেনা বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে শেখ হাসিনার নিয়ন্ত্রণে যেতে দিতে আমি রাজি নই। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের একটি। শেখ হাসিনার চেয়ে বাংলাদেশের জনগণের স্বার্থই সবার আগে।”


২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোজেনা। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু মানুষকে ভয়াবহ নিপীড়ন ও দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ক্ষত ও ক্ষোভ সহজে মুছে যাওয়ার নয়।


মোজেনা বলেন, “ওই সরকারের হাতে অনেক মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা তো আর চাইলেই ভুলে যাওয়া যায় না।”


তবে তাঁর মতে, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ক্ষোভের বাইরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের সঙ্গে সম্পর্কের বৃহত্তর দিকগুলো বিবেচনায় নিতে হবে।


তিনি বলেন, “একজন নেতার দায়িত্ব হলো তাঁর দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া। তারেক রহমানকেও সেই দায়িত্ব পালন করতে হবে।”


এ জন্য ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসতে হবে বলে মনে করেন তিনি।


মোজেনার ভাষায়, “এসব সমস্যা কোথাও চলে যাবে না। তাই এগুলো মোকাবিলায় আলোচনার পথ খুঁজে বের করতে হবে।”


২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে অস্বস্তি ও টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়ে আসছে। দেশে ফেরার বিষয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যও পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।


দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান বাধা হয়ে দাঁড়িয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, “হ্যাঁ, অবশ্যই। বিষয়টি এমনই হওয়ার কথা।”


শেখ হাসিনা সরকারের পুরো সময় বাংলাদেশে দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে আমার দায়িত্ব পালনের পুরো সময়ই শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর শাসনপদ্ধতি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। তিনি যে ক্ষতি ও মানুষের মধ্যে যে তিক্ত অনুভূতি রেখে গেছেন, তা আমি বুঝতে পারি।”


তবে এসব ক্ষোভ যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ না করে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। মোজেনার মতে, এটি বাংলাদেশের নেতৃত্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।


যে রাষ্ট্রদূতকে অপছন্দ করতেন শেখ হাসিনা


শেখ হাসিনার শাসনামল সম্পর্কে ড্যান মোজেনার মূল্যায়নের পেছনে রয়েছে তাঁর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এক জটিল সম্পর্কের অভিজ্ঞতা।


পেশাদার কূটনীতিক মোজেনা ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।


বাংলাদেশে এটি তাঁর প্রথম দায়িত্ব পালন ছিল না। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।


তাঁর দ্বিতীয় দফার দায়িত্ব পালনকালে বাংলাদেশের রাজনীতি ছিল অত্যন্ত উত্তাল। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, রাজনৈতিক সহিংসতা এবং ২০১৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই নির্বাচন বিএনপি ও তার মিত্ররা বর্জন করেছিল।


সে সময় বাংলাদেশের রাজনীতিতে মোজেনা ছিলেন পরিচিত ও সক্রিয় কূটনৈতিক মুখ। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেন।


তাঁর এসব কর্মকাণ্ডের সমালোচনা করেছিল আওয়ামী লীগের একাংশ। বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও তুলেছিল দলটি।


তবে দেশের ৬৪টি জেলা সফর, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার জন্যও পরিচিতি পেয়েছিলেন মোজেনা।


শেখ হাসিনার সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য কখনোই স্বাভাবিক ছিল না।


সাক্ষাৎকারে মোজেনা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় ছিল একধরনের স্ববিরোধিতা।


তিনি বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা আমাকে ভীষণ অপছন্দ করতেন। এমনকি প্রকাশ্যে আমাকে ঘৃণা করার কথাও বলতেন।”


তবে আশ্চর্যের বিষয় হলো, যিনি তাঁকে এতটা অপছন্দ করতেন, সেই শেখ হাসিনার সরকারের কাছ থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় সফরের ক্ষেত্রে সহযোগিতা পেয়েছেন।


মোজেনা বলেন, “একই ব্যক্তি আমাকে বাংলাদেশের ৬৪টি জেলা সফরের সুযোগ করে দিয়েছিলেন। বিষয়টি আমি আজও বুঝতে পারি না।”

এ প্রসঙ্গে একটি বিশেষ ঘটনার কথাও স্মরণ করেন তিনি।


মোজেনা বলেন, “তিনি তাঁর পরিবারের একজন সদস্যকেও আমার সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি সেখানে তাঁদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলো আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন।”


তিনি আরও বলেন, “অথচ একই সময়ে আমিই ছিলাম তাঁর সবচেয়ে অপছন্দের মানুষ। বিষয়টি আমার কাছে এখনো রহস্যময়।”


বাংলাদেশের বাইরে অ্যাঙ্গোলায় ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মোজেনা। এ ছাড়া ভারত, পাকিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।


তবে শেখ হাসিনা সরকারের সঙ্গে তাঁর টানাপোড়েনপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা তাঁর কূটনৈতিক জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে।


শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই অবস্থান করবেন—এমন প্রশ্নের জবাবে মোজেনা কোনো মন্তব্য করতে চাননি।


তিনি বলেন, “সত্যি বলতে, শেখ হাসিনার চিন্তাভাবনা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাঁর মনে কী চলছে, তা আপনারাই বলুন। আমি জানি না।”


‘তাঁর সময় হয়তো শেষ হয়ে এসেছে’


বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য কিছুটা খোলামেলা মন্তব্য করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা শেষ হয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রথমে সরাসরি কোনো মূল্যায়ন করতে চাননি তিনি।


মোজেনা বলেন, “শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক নেতা-কর্মী রয়েছেন।”


তবে ডেইলি ওয়াদার পক্ষ থেকে আওয়ামী লীগের পরিবর্তে বিশেষভাবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি বলা কঠিন। তবে আমার ব্যক্তিগত ধারণা, তাঁর সময় হয়তো শেষ হয়ে এসেছে।”


তবে রাজনৈতিক বিতর্কে শেখ হাসিনার উপস্থিতি যে একেবারে শেষ হয়ে যাবে, তা মনে করেন না মোজেনা।


তিনি বলেন, “এমন নয় যে তাঁকে আর শোনা যাবে না। তিনি হয়তো অনেক কথা বলবেন। তবে আবার দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসবেন—এমনটা আমার মনে হয় না।”


তাঁর এই বক্তব্যে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে।


তবে শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মোজেনা।


তিনি বলেন, “ভারতের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে আমার বিশেষ কোনো ধারণা নেই। আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না।”

বরং বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে পরিচালিত হওয়া উচিত, সেটিকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন।


মোজেনা বলেন, “শেখ হাসিনা এখন কোনো কিছুর প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লির কোথাও অবস্থান করছেন, নিজের মতো করে কাজ করছেন, অনেক কিছু লিখছেন। ঠিক আছে, তাঁকে তাঁর মতো থাকতে দিন। এসব উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে মনোযোগ দিন।”

শেয়ার করুন:

ডেইলি ওয়াদা

Author

সম্পর্কিত খবর

কোটি টাকার অবৈধ সম্পদ, অভিযোগ ঢাকা রেসিডেনসিয়ালের অফিস সহকারীর বিরুদ্ধে

কোটি টাকার অবৈধ সম্পদ, অভিযোগ ঢাকা রেসিডেনসিয়ালের অফিস সহকারীর বিরুদ্ধে

১৭ নভেম্বর, ২০২৬

হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

১৪ নভেম্বর, ২০২৬

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

১১ নভেম্বর, ২০২৬

দানবীয় রূপে আওয়ামী লীগ; বিএনপি-জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন

দানবীয় রূপে আওয়ামী লীগ; বিএনপি-জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১০ নভেম্বর, ২০২৬

ভিডিও

সব দেখুন
বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

১১ নভেম্বর, ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে নানা প্রশ্ন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে নানা প্রশ্ন

২০ অক্টোবর, ২০২৬
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

১৮ নভেম্বর, ২০২৬
ইমরান কি জীবিত ফিরবেন?

ইমরান কি জীবিত ফিরবেন?

১৭ নভেম্বর, ২০২৬
হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

১৪ নভেম্বর, ২০২৬
হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

১১ নভেম্বর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>