বিতর্কিত ভিডিও থেকে পদত্যাগের সিদ্ধান্ত—বিএনপির জন্য কী বার্তা দিলেন তারেক রহমান?

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকেই দলটির ভেতরে নানা বিতর্ক, ক্ষমতার দাপট ও রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা চলছে। এসব বিতর্কে যাদের নাম শুরু থেকেই আলোচনার কেন্দ্রে এসেছে, তাদের মধ্যে অনত্যম প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তবে এবার তাঁর একটি ভিডিও শুধু ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং সরকার ও ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
গত শনিবার ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া করতে দেখা যায়। দৃশ্যটি অনেকটা দক্ষিণ ভারতীয় অ্যাকশন সিনেমার মতো। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পর সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনা।
প্রশ্ন হচ্ছে, একজন রাজনৈতিক নেতা কি নিজেই আইন প্রয়োগের দায়িত্ব নিতে পারেন? মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সেই অবস্থান বাস্তবায়নের নামে অস্ত্র হাতে কাউকে ধাওয়া করা, অভিযান পরিচালনা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিজের হাতে তুলে নেওয়া কতটা আইনসম্মত? মাদকবিরোধী অবস্থান আর আইন নিজের হাতে তুলে নেওয়া এক বিষয় নয়।
ভিডিওটি নিয়ে বিতর্কের মধ্যে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই আলোচনার কেন্দ্রে আসে তাঁর পদত্যাগের বিষয়টি। রোববার রাতে ঠিক কী ঘটেছিল, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর ইশরাক পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির ও লবিং করেছিলেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এ বিষয়ে কিছু সূত্রের দাবি, একপর্যায়ে তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার বিষয়ে আশাবাদীও হয়ে উঠেছিলেন।
রোববার রাতে পদত্যাগের খবরকে গুজব বলে উল্লেখ করার পর সোমবার সকালে ইশরাক জানান, দুপুর দুইটার মধ্যে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন। ঘটনাপ্রবাহে একটি বিষয় স্পষ্ট—একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত অবস্থান, দলীয় তদবির এবং গণমাধ্যমে প্রকাশিত খবর কীভাবে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে, ইশরাকের ঘটনা তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
তবে এখানে আরেকটি প্রশ্ন আছে। একজন মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর পদত্যাগ কি কেবল রাজনৈতিক চাপের ফল হবে, নাকি নির্দিষ্ট অভিযোগ, প্রমাণ, আইন এবং জবাবদিহির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে? রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি, কিন্তু সেটি যেন যথাযথ প্রক্রিয়ার বিকল্প না হয়ে ওঠে।
ইশরাকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃতি ও ভিডিওর দৃশ্য বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর দ্রুত সিদ্ধান্ত জবাবদিহি প্রতিষ্ঠার একটি ইতিবাচক বার্তা। ক্ষমতাসীন দলের নেতা কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তি—কেউই আইনের ঊর্ধ্বে নন, এই নীতির বাস্তব প্রয়োগই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার ভিত্তি।
তবে পদত্যাগের নির্দেশ দেওয়া আর কোনো অপরাধ আইনগতভাবে প্রমাণিত হওয়া এক বিষয় নয়। ভিডিওতে ঠিক কী ঘটেছে, অস্ত্রটি কী ধরনের, ঘটনাস্থলে কী পরিস্থিতি ছিল এবং কোনো আইন লঙ্ঘিত হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর যথাযথ তদন্তের পাওয়াটা জরুরী।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রশংসার যোগ্য হবে তখনই, যখন তা শুধু একজন ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না; বরং সরকার ও দলের অন্য বিতর্কিত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।
শনিবার সকালে মাত্র চার ঘণ্টায় ১৩টি সফর করেছেন তারেক রহমান। এসব সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন। শিশু হাসপাতালের পরিচালকের রুমে সিগারেট খাবার স্থান দেখে তাৎক্ষনিক ভাবে তাকে প্রত্যাহার করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সকাল সকার ১৩টি স্থান পরিদর্শন এবং কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিলেও এই গঠরাটি সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের পজেটিভ প্রচারনা পেলেও বিকালের পর থেকেই ইশরাক হোসেনের ভিডিওি প্রচাররের পর থেকেই প্রধানমন্ত্রীর সকল কাজ ম্লান হয়ে পড়ে।
ইশরাকের ভিডিও প্রচার
গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসব কর্মকাণ্ডের ভিডিও কে ধারণ করেছেন? ভিডিওটি ইশরাক নিজেই নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
মাদকবিরোধী অভিযান জনস্বার্থে পরিচালিত হলে তার মূল্যায়ন হওয়া উচিত অভিযানের বৈধতা, কার্যকারিতা এবং ফলাফলের ভিত্তিতে। ক্যামেরার সামনে অ্যাকশন দেখানো দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা যায় না। বরং এ ধরনের কর্মকাণ্ড কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত ভূমিকা ও রাষ্ট্রীয় কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।
ইশরাক হোসেনের রাজনৈতিক পথচলাও এই বিতর্কের বাইরে নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করার দাবিকে কেন্দ্র করে রাজপথে তাঁর রাজনৈতিক তৎপরতা আলোচনায় ছিল। মেয়র পদ নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও প্রত্যাশা তাঁর রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা কেবল পদ-পদবি কিংবা দলীয় পরিচয়ের ওপর নির্ভর করে না। তাঁর আচরণ, আইনের প্রতি শ্রদ্ধা, জনস্বার্থে কাজ করার সক্ষমতা এবং রাজনৈতিক সংযমও সমান গুরুত্বপূর্ণ।
এই ঘটনার পর ইশরাকের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তিনি ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন কি না, কিংবা তাঁর মেয়র হওয়ার সম্ভাবনায় কী প্রভাব পড়বে—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যায় না। তবে তাঁর জন্য এটি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক পরীক্ষা।
ইশরাকের ঘটনা ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষেয়ে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করা হলেও সরকারের অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। মন্ত্রিসভা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সেসব ক্ষেত্রেও একই রকম দ্রুততা ও স্বচ্ছতা দেখা যাচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ।
বিশেষ করে এলজিআরডি প্রতিমন্ত্রী মির শাহে আলমকে ঘিরে বিতর্কসহ সরকারের অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কীভাবে যাচাই করা হচ্ছে, সে বিষয়ে জনমনে প্রশ্ন আছে। সাধারণ জনগনের প্রশ্ন, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আবার অন্যদের বিষয়ে রাস্টের প্রধান নির্বাহী একেবারেই চুপ। প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই—দলের ভেতরে কে প্রভাবশালী, কে তাঁর রাজনৈতিক অনুসারী কিংবা কার জনসমর্থন বেশি, তা নয়; বরং অভিযোগের গুরুত্ব ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।
পদত্যাগের ঘটনাকে ঘিরে ইশরাকের শেষ দিকের ফেসবুক স্ট্যাটাসও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি লিখেছেন—
‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
তিনি আরও লিখেছেন— ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।’
এই বক্তব্যের দুটি দিক রয়েছে। প্রথমত, ইশরাক তাঁর বিরুদ্ধে সমালোচনাকে রাজনৈতিক প্রতিপক্ষের উল্লাস হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, তাঁর বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ সম্পর্ক, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ভূমিকা এবং দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে অসন্তোষের ইঙ্গিত রয়েছে।
এখানে প্রশ্ন উঠতে পারে, বিএনপির ভেতরে কি পদ-পদবি ও ক্ষমতার বণ্টন নিয়ে অসন্তোষ বাড়ছে? দলের আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের সঙ্গে সরকারের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সম্পর্ক কেমন? ক্ষমতায় আসার পর বিএনপি কি তার রাজনৈতিক কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারছে?
রাজনীতিবিদদের জন্য কী শিক্ষা?
ইশরাক হোসেনের ঘটনা রাজনীতিবিদদের জন্য কয়েকটি স্পষ্ট শিক্ষা সামনে এনেছে। প্রথমত, সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর কেবল প্রচারণার মাধ্যম নয়; এটি রাজনৈতিক জবাবদিহিরও একটি ক্ষেত্র। নিজের পেজে প্রকাশিত একটি ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই একজন নেতার রাজনৈতিক অবস্থানকে সংকটে ফেলতে পারে। দ্বিতীয়ত, জনপ্রিয়তা কিংবা রাজনৈতিক প্রভাব কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেয় না।
মাদকের বিরুদ্ধে লড়াই করতে হলে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পেশাদার তদন্তকে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, ক্ষমতাসীন দলের নেতাদের মনে রাখা উচিত—দলীয় আনুগত্য ও রাজনৈতিক অবদান গুরুত্বপূর্ণ হলেও তা কোনো বিতর্কিত কর্মকাণ্ডের দায়মুক্তি দিতে পারে না। চতুর্থত, সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা থাকতে হবে। একজনের ক্ষেত্রে কঠোরতা এবং অন্যের ক্ষেত্রে নীরবতা জনমনে দ্বৈত নীতির ধারণা তৈরি করবে।
Author