
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পার্লামেন্ট নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরব দলগুলো।
প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর পাওয়া প্রাথমিক হিসাব বলছে, নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘চেঞ্জ ব্লক’ ৪৮টি আসন পেতে পারে। প্রধানত আরবদের নিয়ে গঠিত দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যা ১৯। ফলে নেতানিয়াহুবিরোধী শিবিরের সরকার গঠনের প্রচেষ্টায় আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আরব ইসরায়েলি নেতা আহমাদ তিবি নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী মিত্রদের ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। তবে এই সমীকরণ শেষ পর্যন্ত সরকার পরিবর্তনে গড়াবে কি না, তা নির্ভর করবে দলগুলোর রাজনৈতিক সমঝোতা ও চূড়ান্ত নির্বাচনী ফলাফলের ওপর।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য আহমাদ তিবি আরব আইনপ্রণেতাদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান। লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, আরব নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে দলটি নিজেদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিবির ভাষায়, আরব দলগুলোকে বাদ দিয়ে ইসরায়েলের রাজনীতিতে পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি বলেন, নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা ‘চেঞ্জ ব্লক’-এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই প্রক্রিয়ার সূচনা হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে তার পদ থেকে সরানোর উদ্যোগের মধ্য দিয়ে।
তিবির কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বুধবার ভোরে ইসরায়েলের তাইব শহরে এক সমাবেশে জয়েন্ট লিস্টের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন তিনি। ভোটকেন্দ্রে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ও ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও তাঁদের কণ্ঠস্বর সবচেয়ে জোরালো ছিল বলে দাবি করেন তিবি।
বেন-গভিরকে ইঙ্গিত করে তিনি বলেন, উগ্র ডানপন্থী এই নেতা আর পুলিশমন্ত্রী থাকবেন না; তার সময় শেষ হয়ে এসেছে।
তিবির বক্তব্য থেকে স্পষ্ট, আরব দলগুলো এবার শুধু পার্লামেন্টে আসন বাড়ানোর মধ্যেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখতে চাইছে না। নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করাও তাদের লক্ষ্য।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেতে পারে। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৮। অন্যদিকে আরবদের নিয়ে গঠিত দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট—রা’আম—সাতটি আসন পেতে পারে।
এই সংখ্যাগুলো চূড়ান্ত হলে আরব দলগুলোর অবস্থান সরকার গঠনের আলোচনায় তাৎপর্যপূর্ণ হবে। তবে আরব দলগুলোর সব আসনকে স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ ব্লকের সমর্থন হিসেবে গণনা করার সুযোগ নেই। তাদের মধ্যে রাজনৈতিক অবস্থান ও কৌশলগত সিদ্ধান্তের পার্থক্য রয়েছে। সরকার গঠনের জন্য সমঝোতা, সমর্থন কিংবা সংসদীয় ভোটের ক্ষেত্রে সেই পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইসরায়েলের রাজনীতিতে আরব দলগুলোর অংশগ্রহণের প্রশ্নটি দীর্ঘদিন ধরে বিতর্কিত। দেশটির আরব নাগরিকদের একটি অংশ ভোটদানে অনাগ্রহী থাকলেও এবারের নির্বাচনে তাদের ব্যাপক অংশগ্রহণ আরব দলগুলোর সম্ভাব্য সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৪ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা রয়েছে। এর আগে আসনসংখ্যার এই হিসাবই নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ইসরায়েলের আরব নাগরিকদের বড় অংশ ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়কার যুদ্ধের মধ্যে নিজেদের বাড়িঘর ছেড়ে না যাওয়া ফিলিস্তিনি আরব জনগোষ্ঠীর বংশধর। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তাদের অনেকে ইহুদি ইসরায়েলিদের থেকে পৃথক শহর ও জনপদে বসবাস করেন। আবাসনসংক্রান্ত বৈষম্য ও সহিংসতার অভিজ্ঞতাও তাদের জীবনের অংশ।
ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচালনার নীতি নিয়ে আরব নাগরিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সরকারের আচরণ এবং দেশের ভেতরে আরব নাগরিকদের প্রতি বৈষম্যের অভিযোগও তাদের রাজনৈতিক মনোভাবকে প্রভাবিত করেছে।
এসব কারণে অতীতে অনেক আরব ভোটার নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। কিন্তু এবারের নির্বাচনে তাঁদের ব্যাপক অংশগ্রহণ আরব দলগুলোর রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারে।
নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহুর আরববিদ্বেষী বক্তব্যও ভোটারদের একাংশকে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আরব ভোটারদের এই সক্রিয়তা শুধু দলীয় আসনসংখ্যা বাড়ানোর বিষয় নয়; এটি ইসরায়েলের রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় আরব নাগরিকদের ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন সামনে এনেছে।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টায় বিরোধী জোটের অন্যতম প্রধান সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তার দল ইয়াশার পার্টি। চেঞ্জ ব্লকে আরও রয়েছে ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বেয়াখাদ এবং আভিগদোর লিবারম্যানের ইসরায়েল বেইতিনু।
৬৬ বছর বয়সী আইজেনকট মরক্কো থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান। ইসরায়েলের ইহুদি সমাজে ইউরোপীয় বংশোদ্ভূত ও মধ্যপ্রাচ্য থেকে আসা ইহুদিদের মধ্যে বৈষম্যের ইতিহাস রয়েছে। ঐতিহ্যগতভাবে মিজরাহি ভোটারদের একটি বড় অংশ নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সমর্থন করে আসছেন। আইজেনকটের রাজনৈতিক উত্থান সেই ভোটারদের মধ্যেও বিকল্প নেতৃত্বের সম্ভাবনা তৈরি করেছে।
নেতানিয়াহুর শাসনামলেই ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন আইজেনকট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর তিনি নেতানিয়াহুর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট কৌশলের অভাবের কথা উল্লেখ করে ২০২৪ সালের জুনে তিনি মন্ত্রিসভা ছাড়েন।
গাজা যুদ্ধ তার ব্যক্তিগত জীবনেও গভীর ক্ষত তৈরি করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় লড়াইয়ের সময় তাঁর ২৫ বছর বয়সী ছেলে গাল নিহত হন। যুদ্ধে তার দুই ভাতিজাও প্রাণ হারান। পরিবারের এই ক্ষতি তার সক্রিয় রাজনীতিতে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।
২০২৬ সালের এপ্রিলে ইদিয়োথ আহরোনথ পত্রিকায় লেখা এক নিবন্ধে আইজেনকট বলেন, ‘গালের কবরের পাশে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম, সে ও তার বন্ধুরা যে মূল্য দিয়েছে, তা বৃথা যেতে দেব না।’
যুদ্ধের অভিজ্ঞতা, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি—এই তিনটি বিষয় আইজেনকটের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করছে।
নেতানিয়াহুর জোটের সম্ভাব্য ৫৩ আসন এবং বিরোধী জোটের ৪৮ আসনের মধ্যে ব্যবধান খুব বড় নয়। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সীমা দুই শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আরব দলগুলোর সম্ভাব্য ১৯টি আসন নতুন সরকার গঠনের আলোচনায় বাড়তি গুরুত্ব পেয়েছে।
আহমাদ তিবির সহযোগিতার প্রস্তাব বিরোধী শিবিরের জন্য একটি সম্ভাব্য রাজনৈতিক পথ খুলে দিয়েছে। তবে আরব দলগুলোর মধ্যে সমন্বয়, চেঞ্জ ব্লকের সঙ্গে তাদের সমঝোতার শর্ত এবং অন্যান্য দলের অবস্থান—সবকিছুই শেষ পর্যন্ত নির্ধারণ করবে নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, নাকি ইসরায়েলে নতুন সরকার গঠনের পথ তৈরি হবে।
ফলে এবারের নির্বাচনে লড়াই শুধু নেতানিয়াহুর জোট ও বিরোধীদের আসনসংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। আরব নাগরিকদের ভোট, তাদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সংসদীয় শক্তি এবং বিরোধী জোটের সঙ্গে সম্ভাব্য সমঝোতা—সব মিলিয়ে ইসরায়েলের ক্ষমতার সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
Author