
তরুণ প্রজন্ম ভালো নেই। ইউরোপজুড়ে শিক্ষাখাতে অর্থায়নের ঘাটতি থেকে শুরু করে আবাসন ব্যয়—বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে নেমেছে তরুণেরা। এতে আগে থেকেই চাপে থাকা সরকারগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে জেন-জি প্রজন্মের মধ্যে জমে থাকা আন্তপ্রজন্মীয় অসন্তোষও প্রকাশ্যে এসেছে।
দেশভেদে এই ক্ষোভের কারণ ও ধরন ভিন্ন। স্পেনে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা সাম্প্রতিক বিক্ষোভের অনুঘটক হিসেবে কাজ করেছে। ফ্রান্সে ধর্মঘটরত শিক্ষকদের সমর্থনে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। আর আলবেনিয়ায় কয়েক মাস ধরে দফায় দফায় ছাত্রবিক্ষোভ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের পরিকল্পনাকে কেন্দ্র করে প্রথম এই বিক্ষোভের সূত্রপাত হয়।
তবে সূচনাপর্বে কারণগুলো ভিন্ন হলেও এসব আন্দোলন যেন অসন্তোষের এক কৃষ্ণগহ্বরে পরিণত হয়েছে। তরুণদের নানা ক্ষোভ এতে একত্র হচ্ছে এবং শেষ পর্যন্ত তা একটি ব্যাপক প্রতিবাদে রূপ নিচ্ছে। এই প্রজন্মের অনেকেরই আশঙ্কা, তারা নিজেদের বাবা-মায়ের মতো সুযোগ-সুবিধা পাবে না।
একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের আন্দোলন একে অপরকে আংশিকভাবে অনুপ্রাণিতও করছে। ইতালি ও গ্রিসের বিক্ষোভকারীরা তাঁদের স্লোগানে ফরাসি আন্দোলনকারীদের কথা উল্লেখ করেছেন। স্পেনে আবাসনসংকটের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে পর্তুগালেও। ইউরোপজুড়ে বিভিন্ন দেশের ছাত্রসংগঠন নিজেদের অভিজ্ঞতা ও আন্দোলনের কৌশল বিনিময় করছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধান ছাত্রসংগঠন ইউনিয়ন ন্যাশনাল দেৎদিয়ঁ (ইউনেফ)-এর ভাইস প্রেসিডেন্ট অ্যালিস দে ব্রিতো।
তিনি সিএনএনকে বলেন, “পার্থক্যের চেয়ে মিলই আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা সবাই শিক্ষাখাত, বিশ্ববিদ্যালয় এবং সামগ্রিকভাবে তরুণদের জন্য বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছি। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও আবাসনসংকট নিয়েও কথা বলছি।”
ইতালির ছাত্রসংগঠনের নেতা সাবরিনা ব্রিজোলার বক্তব্যেও একই দাবি উঠে এসেছে। গত সপ্তাহান্তে এক সমাবেশে তিনি বলেন, “চলুন, আমরা আমাদের কণ্ঠস্বর তুলে ধরি—যেন স্কুলের ছাদ আমাদের মাথার ওপর ভেঙে না পড়ে, যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত হয়, জনস্বাস্থ্যসেবা সুরক্ষিত থাকে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”
ইউরোপভিত্তিক দৈনিক নিউজলেটার দ্য ইউরোপিয়ান করেসপন্ডেন্ট-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়াস ফিন্টেলম্যানের মতে, এই বিক্ষোভগুলো এমন এক হতাশার প্রতিফলন, যার মূলে রয়েছে পরবর্তী প্রজন্মের প্রত্যাশা পূরণে ইউরোপের রাজনীতির ব্যর্থতা।
শিক্ষা ও আবাসনের পাশাপাশি ক্রমবর্ধমান অনিশ্চিত শ্রমবাজার এবং জলবায়ুসংকটও জেন-জি প্রজন্মের ক্ষোভ বাড়িয়ে তুলছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিস্তার বিশেষ করে কর্মজীবনের শুরুতে থাকা তরুণদের চাকরির সুযোগকে বেশি ঝুঁকির মুখে ফেলছে।
ফিন্টেলম্যান সিএনএনকে বলেন, “মৌলিকভাবে আমরা যা দেখছি, তা হলো উদার গণতন্ত্রের দেওয়া একটি প্রতিশ্রুতির ভেঙে পড়া। প্রতিশ্রুতিটি ছিল—পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্মের চেয়ে ভালো জীবন পাবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখন আর বাস্তব বলে মনে হচ্ছে না।”
ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে বিক্ষোভ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে—গ্রিস, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও পর্তুগাল—সেসব দেশের অর্থনৈতিক পরিস্থিতিও হতাশাজনক। দেশগুলোর জাতীয় ঋণের পরিমাণ বেশি হওয়ায় সরকারি ব্যয় বাড়ানোর সুযোগ সীমিত। উদাহরণ হিসেবে বলা যায়, ফ্রান্সে বুধবার সরকারি বন্ডের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে সরকারের বাজেটের ওপর চাপ আরও বেড়েছে।
ফ্রান্সে গত নয় বছর ধরে প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে শিক্ষাবর্ষ শুরুর সময় এ ধরনের ছাত্রবিক্ষোভ হয়ে আসছে। নতুন শিক্ষাবর্ষে ফিরে শিক্ষার্থীরা দেখতে পায়, পর্যাপ্ত শিক্ষক নেই, ভালো সরঞ্জামের অভাব রয়েছে। ফ্রান্সের ছাত্রসংগঠন ইউনেফের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস দে ব্রিতো এ কথা জানিয়েছেন।
তবে এ বছর পরিস্থিতি আরও বিস্তৃত আন্দোলনে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো, শিক্ষকদের পেছনে ব্যয় বাড়ানো, জলবায়ুসংকট মোকাবিলায় সক্ষম শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তোলা এবং তরুণদের ওপর পুলিশি সহিংসতা বন্ধের দাবি তুলেছে।
দে ব্রিতো বলেন, “মানুষ শুধু উত্তরের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে।”
শিক্ষার প্রশ্নটি ইউরোপের জাতীয় সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশের আন্দোলনকে একসূত্রে গেঁথেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রিসজুড়ে হাজারো শিক্ষার্থী ও শিক্ষক মিছিল করেছেন। রাজধানী এথেন্সে পার্লামেন্টের সামনে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী স্লোগান দেন, “গ্রিস থেকে ফ্রান্স—আমরা সরকারি অর্থায়নে পরিচালিত, সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যের শিক্ষা চাই।”
ইতালির রোমে ৭ অক্টোবর শিক্ষার্থীরা প্রথম একটি মাধ্যমিক বিদ্যালয় দখলে নেওয়ার পর নিজেদের কর্মকাণ্ডের পক্ষে দেওয়া বিবৃতির প্রথম লাইনেই লেখে, ‘ফ্রান্সের মতো’।
তবে ইতালির সরকার ফ্রান্সের আন্দোলনের সঙ্গে নিজেদের দেশের বিক্ষোভের মিল থাকার বিষয়টি খাটো করে দেখানোর চেষ্টা করেছে। দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা চলতি মাসের শুরুতে বলেন, “ইতালি ও ফ্রান্সের পরিস্থিতি একেবারেই আলাদা।”
ফ্রান্সের আন্দোলনের পেছনে দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সমস্যা রয়েছে—ইতালিতে যা নেই—এমন একটি উগ্র ডানপন্থী দাবি পুনরাবৃত্তি করেন তিনি।
তবে আবাসনসংকট এমন একটি সমস্যা, যা ইউরোপের বিভিন্ন দেশের তরুণদের আন্দোলনকে একত্র করছে। ইতালির বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্পেনে আবাসনসংকটের প্রতিবাদ তাঁরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেপ্টেম্বরে সেখানে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সরকারকে আগাম নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে।
রোমে বিক্ষোভের অংশ হিসেবে গড়ে তোলা একটি শিবিরে সিএনএনের সঙ্গে কথা বলেন কয়েকজন শিক্ষার্থী। তাঁদের মতে, সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
শিক্ষার্থী এলিসা পাস্তোরে বলেন, ইতালির রাজধানীতে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ মেটাতে তিনি ও তাঁর ভাই একই কক্ষ ভাড়া নিয়ে থাকেন। সেই ভাড়াও তাঁদের জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ডিগ্রির প্রথমার্ধে অর্থ সাশ্রয়ের জন্য তাঁকে রোমের বাইরে থেকে প্রতিদিন ১২০ কিলোমিটার—প্রায় ৭৫ মাইল—যাতায়াত করতে হতো।
শুধু শিক্ষার্থীরাই নন, অন্যান্য গোষ্ঠীও প্রতিবাদে শামিল হয়েছে। ইরান যুদ্ধের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ইতালির ট্রাকচালকেরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে মহিষের দুধ দিয়ে তৈরি মোৎসারেলা পনির এবং কিছু ধরনের পাস্তা উৎপাদন ব্যাহত হয়েছে।
আবাসনসংকটের মতো বিষয়গুলো আবার প্রজন্মের সীমানাও অতিক্রম করছে। ফলে তরুণদের পাশাপাশি বয়স্করাও এসব আন্দোলনে যোগ দিচ্ছেন।
পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম ব্যস্ত চত্বর রোসিও স্কয়ারে চলতি সপ্তাহের প্রতিদিন সন্ধ্যায় হাজারো মানুষ জড়ো হয়েছেন। তাঁদের কেউ কেউ সেখানে তাঁবুও খাটিয়েছেন। মঙ্গলবার ভোরে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে পরবর্তী সময়ে আরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা ‘কাসাস পারা মোরার’—অর্থাৎ ‘বসবাসের জন্য বাড়ি চাই’—স্লোগান লেখা পতাকা হাতে মিছিল করেছেন। তাঁরা বাড়িভাড়া বৃদ্ধির ওপর সীমা আরোপ এবং উচ্ছেদ সহজ করার লক্ষ্যে প্রণীত নতুন আইন বাতিলের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, আলবেনিয়া ও সার্বিয়ায় দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের মূল লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। এসব আন্দোলন ক্রমেই সরকার পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে।
গত সপ্তাহে আলবেনিয়ার বিক্ষোভ সহিংস হয়ে উঠলে দেশটির প্রধানমন্ত্রী এদি রামা পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন। বরং তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তাঁর দেশের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলছেন। একই সঙ্গে অস্থিরতার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন তিনি।
আলবেনিয়ার এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, “আমরা পরিবর্তন চাই, সে কারণেই এখানে এসেছি। আমরা বিপ্লব চাই, নতুন সরকার চাই। আমরা কোনো ধরনের সমঝোতার জন্য আসিনি। যত দ্রুত সম্ভব আমাদের নতুন সরকার প্রয়োজন।”
এদিকে, সার্বিয়ায় গত দুই বছর ধরে দেশটির রাজনীতিকে প্রভাবিত করে আসা ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ এখন দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচের জন্য সবচেয়ে শক্তিশালী বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। রোববারের সংসদীয় নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শনিবার ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। প্যারিস, মার্সেই, লিওঁ, লিল, অরলিয়ঁ ও বোর্দোসহ বিভিন্ন শহরে কয়েক দশ হাজার মানুষ মিছিল করেন।
ফ্রান্সের প্রধান ছাত্রসংগঠন ইউনেফের আয়োজনে প্যারিসের মিছিলে অংশ নেয় দেশটির অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিজিটি, কৃষক, জলবায়ু আন্দোলনকর্মী এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০১৮ সালে এই আন্দোলনের সূচনা হয়েছিল।
গত সপ্তাহান্তে সংঘটিত জনশৃঙ্খলাজনিত বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঠেকাতে ফরাসি কর্তৃপক্ষ পুরো সপ্তাহজুড়েই তৎপর ছিল।
ফ্রান্স ও স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলো যথাক্রমে ৫ ও ১১ নভেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানিতে ‘জেন জি রেগেল্ট’—অর্থাৎ ‘জেন-জিই ব্যবস্থা নেবে’—নামে একটি সংগঠন ৩১ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, শিক্ষার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ২০ নভেম্বর যৌথ কর্মসূচি পালনের পরিকল্পনা করছে ব্রিটেন ও ইতালির ছাত্রসংগঠনগুলো।
Author