
বন্যার মুখে পড়া একটি পরিবারের সামনে তাৎক্ষণিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। তারা কি নিরাপদ স্থানে চলে যাওয়ার সামর্থ্য রাখে? তাদের গবাদিপশু কোথায় নিয়ে যাবে? স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রটি কি চালু থাকবে? ফসল নষ্ট হয়ে গেলে তারা কীভাবে আবার জীবিকা নির্বাহ করবে? সরকার ও দাতা সংস্থাগুলো এসব বিষয়কে মানবিক সহায়তা, জলবায়ু অভিযোজন এবং উন্নয়ন—এমন পৃথক পৃথক বিষয় হিসেবে বিবেচনা করতে পারে। কিন্তু ওই পরিবারের কাছে এগুলো একই সংকটের অংশ।
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ (COP31) সম্মেলন চলার সময় জলবায়ু বিষয়ে প্রতিশ্রুতি এবং সেগুলোর বাস্তবায়নের মধ্যকার ব্যবধান আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। সম্মেলনে যোগ দিতে গিয়ে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ বার্ষিক জলবায়ু আলোচনাকে ‘সবুজায়নের নামে সাজানো প্রহসন’ (Greenwashed Circuses) বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে কয়েক দশক ধরে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই সমালোচনা এবারের কপ সম্মেলনের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আগের সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতির ফলে আজ কোন কোন জনগোষ্ঠী নিজেদের নিরাপত্তা, অর্থায়ন কিংবা প্রয়োজনীয় সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বাস্তব কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে?
বাংলাদেশ এ প্রশ্নটি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। দেশটির ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত মেয়াদি জাতীয় অভিযোজন পরিকল্পনা (National Adaptation Plan) এবং ২১০০ সাল পর্যন্ত মেয়াদি ডেল্টা পরিকল্পনা রয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জন্য জাতীয় কাঠামো ও কর্মপরিকল্পনা (National Framework and Action Plan for Locally Led Adaptation) স্থানীয় সরকার ও জনগোষ্ঠীকে জলবায়ু অগ্রাধিকার নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। এসব পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। উপকূলীয় একটি জনগোষ্ঠী কি জানে, তাদের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? নিরাপদ পানির ব্যবস্থা সচল রাখতে কোন বাজেট বরাদ্দ রয়েছে? সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র কীভাবে চালু থাকবে? উন্নয়ন সহযোগীরা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এসব সেবা রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগাম সতর্কতাভিত্তিক পদক্ষেপ (Anticipatory Action) দেখিয়ে দেয়, কীভাবে একটি প্রতিশ্রুতি বাস্তব সুরক্ষায় রূপ নিতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (OCHA) এ ক্ষেত্রে পূর্বনির্ধারিত পূর্বাভাসভিত্তিক সতর্কসংকেত, আগাম অর্থায়নের ব্যবস্থা এবং সতর্কসংকেত কার্যকর হলে কী পদক্ষেপ নেওয়া হবে—তার একটি সুস্পষ্ট পরিকল্পনাকে সমন্বিত করে। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত জাতিসংঘের একটি চিত্রপত্রে (Snapshot) বাংলাদেশে আট ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ২৪টি ব্যবস্থা বা কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। এসব ব্যবস্থার বিপরীতে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থায়ন ও প্রস্তুতিমূলক সক্ষমতা রয়েছে। অন্যদিকে, সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ২০২৪ সালের একটি যৌথ পর্যালোচনায় দেখা গেছে, ২০টি জেলায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মানুষ সহায়তা পেয়েছেন। তবে যেসব পরিবারকে সহায়তার প্রয়োজন বলে চিহ্নিত করা হয়েছিল, তাদের ৫৪ শতাংশেরও বেশি পরিবার সহায়তার বাইরে থেকে গেছে।
একটি পরিবারের কাছে মূল প্রশ্ন হলো, সতর্কবার্তার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সামর্থ্যও আসছে কি না। একজন কৃষকের গবাদিপশু সরিয়ে নেওয়ার জন্য পরিবহন প্রয়োজন হতে পারে। একজন অন্তঃসত্ত্বা নারীর সচল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা প্রয়োজন হতে পারে। একজন প্রতিবন্ধী ব্যক্তির আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সহায়তার প্রয়োজন হতে পারে। বর্ষা মৌসুম শুরুর আগেই এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করতে স্থানীয় বাসিন্দা ও দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত ব্যক্তিদের সম্পৃক্ত করা উচিত। কারণ, বর্ষা শুরু হওয়ার আগেই পরিবহনের ব্যবস্থা করা, প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা এবং জরুরি নগদ অর্থের সংস্থান রাখা সম্ভব।
নেপালের অভিজ্ঞতা দেখায়, দুর্যোগ পর্যালোচনায় উঠে আসা সুপারিশগুলো পরবর্তী বাজেট ও প্রস্তুতি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা কতটা জরুরি। ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল থাকা সত্ত্বেও ২০২৪ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডু উপত্যকার বন্যা নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা থাকা সত্ত্বেও প্রস্তুতি ও সাড়াদানের ক্ষেত্রে ঘাটতি ছিল। ২০২৬ সালের আগস্টে রাসুয়ায় সংঘটিত দুর্যোগ ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জ সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হয়েছে, হিমবাহ-সংশ্লিষ্ট একটি ঢালের দ্রুত ধসে পড়ার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের প্রবাহ ও বন্যাই এ ঘটনার সম্ভাব্য কারণ। তবে ঘটনাটি ঠিক কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কাঠমান্ডুর বন্যা কর্তৃপক্ষ আগাম সতর্কবার্তা পাওয়ার পর কী পদক্ষেপ নিয়েছিল, সেই প্রশ্ন সামনে এনেছে। অন্যদিকে, রাসুয়ার ঘটনা অল্প সময়ের সতর্কতায় ধারাবাহিকভাবে সৃষ্ট একাধিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনগোষ্ঠী কীভাবে প্রস্তুতি নিতে পারে, সেই প্রশ্ন তুলেছে।
স্থানীয় বাসিন্দা ও গবেষকদের সম্পৃক্ত করে নির্ধারণ করতে হবে—কারা সতর্কবার্তা পেয়েছিলেন, কী কারণে মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি এবং ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন। পরবর্তী দুর্যোগ মৌসুম শুরুর আগেই কর্তৃপক্ষের উচিত সংশোধনমূলক পদক্ষেপগুলো প্রকাশ করা, কোন কাজের দায়িত্ব কার তা নির্ধারণ করা এবং এসব কাজের অর্থায়ন কীভাবে হবে, তা ব্যাখ্যা করা। বাংলাদেশ ও নেপাল যৌথ মহড়া এবং স্থানীয় কর্তৃপক্ষ, নাগরিক সমাজের সংগঠন, গবেষক ও জরুরি সাড়াদানকারী ব্যক্তিদের মধ্যে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে (South–South Cooperation) বাস্তবে রূপ দিতে পারে।
আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে এ ধরনের উদ্যোগের পক্ষে প্রতিশ্রুতি ও কাঠামো রয়েছে। সেন্দাই ফ্রেমওয়ার্কে দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগ এবং ভবিষ্যৎ ঝুঁকি কমিয়ে আনে—এমন পুনরুদ্ধার কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৬ সালের বিশ্ব মানবিক সম্মেলনের (World Humanitarian Summit) অন্যতম আয়োজক হিসেবে আমি স্থানীয় পর্যায়ে সাড়াদানের সক্ষমতা বৃদ্ধি এবং আরও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করার প্রচেষ্টা সরাসরি দেখেছি। ওই সম্মেলনে চালু হওয়া ‘গ্র্যান্ড বার্গেইন’ (Grand Bargain)-এ ২০২০ সালের মধ্যে মানবিক সহায়তার অন্তত ২৫ শতাংশ যতটা সম্ভব সরাসরি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাড়াদানকারী সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
এক দশক পর এখন প্রশ্ন হলো, বাজেটের নিয়ন্ত্রণ কার হাতে? প্রয়োজন পরিবর্তিত হলে স্থানীয় সাড়াদানকারী সংস্থাগুলো কি ব্যয়ের খাত পরিবর্তন করতে পারে? কোনো সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বাদ দেওয়া হলে তারা কি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারে? নেটওয়ার্ক ফর এমপাওয়ার্ড এইড রেসপন্স (NEAR) তাদের নীতিগত কার্যক্রমে যে বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আসছে, তা হলো—স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য শুধু অর্থ ও সম্পদের জোগান নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও নিশ্চিত করতে হবে।
দুর্যোগের মধ্যবর্তী সময়েও প্রস্তুতিমূলক কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে দাতা সংস্থাগুলো এ নীতিকে বাস্তবে রূপ দিতে পারে। পূর্বাভাসের ভিত্তিতে সহায়তা কার্যক্রম শুরু হওয়ার অনেক আগেই স্থানীয় সংগঠনগুলোর প্রশিক্ষিত কর্মী এবং স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের সম্পর্ক থাকা প্রয়োজন। স্থানীয়ভাবে পরিচালিত তহবিল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করতে পারে। কক্সবাজারে শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীকে প্রস্তুতিমূলক কার্যক্রমের পরিকল্পনায় সম্পৃক্ত করার ক্ষেত্রে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের (UNHCR) স্থানীয়করণ নির্দেশিকা এবং গ্লোবাল কমপ্যাক্ট অন রিফিউজিস (Global Compact on Refugees) একটি ভিত্তি তৈরি করেছে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তাও নিশ্চিত করতে হবে।
স্থানীয় প্রস্তুতিমূলক কার্যক্রমে অর্থায়নের সূচনা হওয়া উচিত জনগোষ্ঠী ইতোমধ্যে কী অবদান রাখছে, তা স্বীকার করার মধ্য দিয়ে। বাংলাদেশের ন্যাশনাল অ্যালায়েন্স অব হিউম্যানিটারিয়ান অ্যাক্টরস বাংলাদেশ (NAHAB) প্রণীত এবং দুর্যোগপ্রবণ তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত স্থানীয় অবদান হিসাবায়ন মডেল (Local Contribution Accounting—LoCA) স্থানীয় জনগোষ্ঠীর নগদ অর্থ ও পণ্যসামগ্রীসহ অন্যান্য অবদানকে প্রচলিত মানবিক সহায়তার আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের শ্রম, অনুদান হিসেবে দেওয়া প্রয়োজনীয় সামগ্রী কিংবা কোনো স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের দেওয়া গুদাম ব্যবহারের সুযোগ—এসব অবদানকে বৈদেশিক অর্থায়নের পাশাপাশি হিসাবের আওতায় আনলে বোঝা সহজ হয়, কোথায় দাতা সংস্থা ও সরকারি কর্তৃপক্ষের আরও বিনিয়োগ প্রয়োজন।
আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আগের সমালোচনার জবাব দিতে পারেন, যদি তাঁরা আগের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এবং অবশিষ্ট কাজের অর্থায়ন কে করবে, তা সুনির্দিষ্টভাবে জানান। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (Nationally Determined Contribution—NDC)-এ অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়ভাবে প্রণীত একটি সহনশীলতা পরিকল্পনা এসব অগ্রাধিকারের সঙ্গে বাস্তব অর্থায়ন সিদ্ধান্তের সংযোগ ঘটাতে পারে।
অভিযোজনবিষয়ক অর্থায়ন উপকূলীয় স্বাস্থ্যকেন্দ্র সচল রাখতে সহায়তা করতে পারে। আগাম অর্থায়নের মাধ্যমে বন্যার আগেই পরিবহনের ব্যবস্থা করা সম্ভব। পুনরুদ্ধার কার্যক্রমের অর্থায়ন ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় চালু করার পাশাপাশি সেগুলোকে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার উপযোগী মানে উন্নীত করতে পারে। আর পর্যাপ্ত আগাম সতর্কতা ছাড়াই কোনো দুর্যোগ আঘাত হানলে প্রয়োজনের ভিত্তিতে জরুরি সহায়তা অব্যাহত রাখতে হবে।
পরবর্তী বর্ষা মৌসুম শুরুর আগেই স্থানীয় জনগোষ্ঠীর সামনে কয়েকটি প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। কোন কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে? কাজগুলো কবে নাগাদ প্রস্তুত হবে? আর নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন না হলে জবাবদিহি করবে কে? এসব প্রশ্নের উত্তরই বলে দেবে, আনতালিয়ায় আলোচিত প্রতিশ্রুতিগুলো ঝুঁকির মধ্যে বসবাস করা মানুষের জীবনে বাস্তবে কতটা অর্থবহ হয়ে উঠেছে।
লেখক: এস এম সৈকত, একজন পলিসি বিশ্লেষক এবং সিরাক-বাংলাদেশের (SERAC-Bangladesh) নির্বাহী পরিচালক।

Author