
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার ঘোষণার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
আওয়ামী লীগ একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দলটির বিরুদ্ধে আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না থাকার অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ককটেল বিস্ফোরণ ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অবৈধ পথে দেশে প্রবেশের পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে। এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে বলেই মনে করেন সাধারণ মানুষ।
গত ৭ নভেম্বর রাত থেকে ঢাকার প্রায় ৩০টির বেশি স্থানে গুপ্ত হামলার অংশ হিসেবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, অধিকাংশ ঘটনায় মুখে কালো কাপড় বাঁধা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে চলন্ত অবস্থায় ককটেল নিক্ষেপ করছেন। এসব ঘটনায় বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পর আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত এসব নির্বাচনকে সমালোচকেরা একতরফা ও সাজানো নির্বাচন হিসেবে অভিহিত করেছেন।
দীর্ঘ শাসনামলে তার সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক মত দমন, গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক মামলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের গুরুতর অভিযোগ উঠেছে। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তার শাসনামলে বিচারিক ও বিচারবহির্ভূত প্রক্রিয়ায় বহু মানুষ নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ওই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। তবে ভারত সরকার এখন পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও অস্বস্তি ও টানাপোড়েন অব্যাহত রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। পরবর্তী সময়ে তার জাতীয় পরিচয়পত্র ও সাধারণ পাসপোর্টের বিষয়টিও আলোচনায় আসে। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলেই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালেই আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে রয়েছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি ইস্যুর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চাওয়ার প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে হস্তান্তরের ক্ষেত্রে ট্রাভেল পাসের প্রয়োজন নেই। প্রথমে ভারতের আদালতে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে হবে। এরপর ভারত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
তার প্রশ্ন, বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের সুযোগ থাকলে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হচ্ছে কেন?
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।
২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, জুলাই হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় সংশ্লিষ্ট মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনাও ছিলেন।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, ভারতের অবস্থান এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।
Author