
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক তার এক মাস আগে হঠাৎ করেই ঢাকার চারপাশের পোশাকশিল্প এলাকাগুলো অস্থির হয়ে উঠেছে। ২০২৩ সালে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা।
সেখানে তিন বছরের মাথায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহ থেকে টানা আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।
বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে যে মুহূর্তে দেশের প্রায় ৫৫ শতাংশ কারখানার অর্ডার কমে গেছে, সেই সময়ে শ্রমিকদের এই আন্দোলনকে সরকার ও তার মিত্ররা ষড়যন্ত্রের চোখেই দেখছেন।
আন্দোলনের শুরুতে গাজীপুর, মিরপুর ও টঙ্গী এলাকায় বিক্ষোভ সীমাবদ্ধ থাকলেও আজ তা ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জেও। শ্রমিকেরা রাস্তায় নেমে তাঁদের দাবি আদায়ে সড়ক অবরোধ করছেন।
শ্রমিকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু শ্রমিক সংগঠনগুলোর নেতারা সরকারের সেই উদ্যোগে সাড়া না দিয়ে রাজপথের আন্দোলনকেই বেছে নিয়েছেন।
গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই আন্দোলনের পেছনে একটি দেশের সহযোগিতায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।
সোমবার পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোশাকশিল্পের মালিকেরা, যাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করেছেন। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছেন, শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন দমনের একটি পুরোনো ও বহুল ব্যবহৃত কৌশল রয়েছে। আর তা হলো আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে চিহ্নিত করা। কোনো দাবি উঠলেই, কোনো অসন্তোষ প্রকাশ পেলেই কিংবা মানুষ রাজপথে নামলেই তার পেছনে বিরোধী দলের ষড়যন্ত্র, দেশবিরোধী শক্তির উসকানি কিংবা সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্ত খুঁজে বের করার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ দীর্ঘদিন এই রাজনৈতিক কৌশল ব্যবহার করেছে। প্রশ্ন হচ্ছে, সেই একই কৌশল কি এখন বিএনপির রাজনৈতিক চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে জায়গা করে নিচ্ছে?
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আমরা দেখেছি, মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কীভাবে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। শ্রমিকের মজুরি নিয়ে আন্দোলন, শিক্ষার্থীদের দাবি, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি কিংবা সাধারণ মানুষের ক্ষোভ—প্রায় সব ক্ষেত্রেই আন্দোলনের মূল দাবিকে পাশ কাটিয়ে সামনে আনা হয়েছে ষড়যন্ত্রের বয়ান। যেন এ দেশের মানুষ নিজের অধিকার আদায়ের জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামতে পারে না; তাদের পেছনে অবশ্যই কোনো রাজনৈতিক শক্তি কিংবা অদৃশ্য ষড়যন্ত্রকারী থাকতে হবে।
কিন্তু এই রাজনৈতিক কৌশলের পরিণতি কী হয়েছিল, তা আমরা ২০২৪ সালের জুলাইয়ে দেখেছি। শিক্ষার্থীদের আন্দোলন যখন দমন-পীড়নের মুখে পড়ে, তখন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে যুক্ত হয় দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভ। আন্দোলন আর কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল গণ-অভ্যুত্থানে। আওয়ামী লীগের জন্য সেটিই ছিল সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা—জনগণের ক্ষোভকে ষড়যন্ত্রের তকমা দিয়ে অনির্দিষ্টকাল আটকে রাখা যায় না।
আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী আন্দোলনে একটি পরিচিত দৃশ্য দেখা যেত। অনেক সময় আন্দোলনকারীদের পাশাপাশি, এমনকি আন্দোলনকারীরা উপস্থিত না থাকলেও, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে রাজপথে দেখা যেত। বিরোধী দলের কর্মসূচি মোকাবিলায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় শক্তি ব্যবহারের প্রবণতা তৈরি হয়েছিল।
সেই সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ক্ষেত্রে এমন আচরণ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও ক্ষোভ তৈরি করেছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে যখন জনরোষ বিস্ফোরিত হলো, তখন সেই দৃশ্যপট পাল্টে গেল। যাদের হাতে একসময় লাঠি দেখা যেত, জনতার প্রতিরোধের মুখে তাদের অনেকেই আত্মগোপনে চলে গেলেন। রাজনৈতিক ক্ষমতা, দলীয় পরিচয় কিংবা পেশিশক্তি—কোনোটিই আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের। কিন্তু এখন যদি আবার আন্দোলন মোকাবিলায় দলীয় ক্যাডার নামানোর প্রবণতা দেখা যায়, তাহলে সেটি নিঃসন্দেহে উদ্বেগজনক। কারণ, সরকার পরিবর্তন মানেই রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি পরিবর্তন নয়। পুরোনো শাসকের কৌশল নতুন শাসকের হাতে চলে গেলে জনগণের কাছে পরিবর্তনের অর্থ কী?
কোনো আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনাও করতে পারে। কিন্তু এসব সম্ভাবনার অজুহাতে পুরো আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিচারব্যবস্থা রয়েছে। কোনো আন্দোলনের আড়ালে যদি সত্যিই নাশকতা, সহিংসতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা থাকে, তাহলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অপরাধীকে শনাক্ত করা হোক, গ্রেপ্তার করা হোক এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক।
কিন্তু আন্দোলনকারীদের মোকাবিলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাষ্ট্রের দায়িত্ব দলীয় কর্মীদের হাতে তুলে দেওয়ার শামিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না; বরং রাজনৈতিক সংঘাত বাড়ে, সাধারণ মানুষ আক্রান্ত হয় এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।
আরেকটি বিষয় মনে রাখা জরুরি—সব আন্দোলন-সংগ্রামের পেছনে সবাই ষড়যন্ত্র করে না। একটি আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ষড়যন্ত্রে জড়িত থাকলেও তার দায় পুরো আন্দোলনের ওপর চাপানো যায় না। আন্দোলনে অংশ নেওয়া হাজারো মানুষের দাবি, ক্ষোভ ও বাস্তব সমস্যাকে কয়েকজনের কর্মকাণ্ড দিয়ে বিচার করা অন্যায়।
সরকারের কাছে যদি গোয়েন্দা তথ্য থাকে, যদি তাদের কাছে ষড়যন্ত্রের মূল হোতাদের পরিচয় ও কর্মকাণ্ডের তথ্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আন্দোলনরত শ্রমিক, সাধারণ মানুষ কিংবা নিরীহ নাগরিকের ওপর হামলা করে সমস্যার সমাধান হবে না।
একটি আন্দোলনের পেছনে কী কারণ রয়েছে, সেটি বোঝার চেষ্টা না করে আন্দোলনকারীদের ওপর শক্তি প্রয়োগ করা সবচেয়ে সহজ পথ। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ সহজ পথ নয়, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। সরকারকে বুঝতে হবে, ষড়যন্ত্র যেমন মোকাবিলা করতে হবে, তেমনি শ্রমিকের মানবাধিকারও সুরক্ষা করতে হবে।
একজন শ্রমিক কেন রাস্তায় নেমেছেন, সেটি আগে বুঝতে হবে। তাঁর বেতন-ভাতা, কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা কিংবা অন্য কোনো ন্যায্য দাবি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। একজন শ্রমিকের গায়ে আঘাত করে, তাঁর পরিবারের সদস্যদের আতঙ্কিত করে কিংবা স্কুলফেরত শিশুর মায়ের ওপর হামলা করে কোনো সমস্যার সমাধান করা যায় না।
সরকার তো ইতোমধ্যে শ্রমিকদের দাবি বিবেচনায় একটি মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার জন্য তাদের ডাকতে পারে, তাদের সঙ্গে বৈঠক করতে পারে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে পারে। শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই তো সমস্যার সমাধান সম্ভব। তাহলে রাজপথে দলীয় বাহিনী নামানোর প্রয়োজন কেন?
মনে রাখতে হবে, আন্দোলনকারী প্রত্যেক মানুষ কোনো রাজনৈতিক দলের কর্মী নন। প্রত্যেক অসন্তুষ্ট মানুষ কোনো ষড়যন্ত্রের অংশীদারও নন। অনেক মানুষ আছেন, যাঁরা জীবনের তাগিদে, পরিবারের প্রয়োজন মেটাতে কিংবা ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নামেন। তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।
বিএনপি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক নিপীড়ন, মামলা, হামলা ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছে। দলটির নেতাকর্মীরা নিজেরাও বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ফলে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা ছিল, ক্ষমতায় গিয়ে তারা ভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানও সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। মানুষ চেয়েছে এমন একটি রাষ্ট্র, যেখানে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা থাকবে, শ্রমিক তাঁর দাবি জানাতে পারবেন, শিক্ষার্থী তাঁর অধিকার নিয়ে কথা বলতে পারবেন এবং সরকারবিরোধী আন্দোলন করলেই কাউকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হবে না।
কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি যদি আওয়ামী লীগের সেই পুরোনো রাজনৈতিক ন্যারেটিভ গ্রহণ করে, তাহলে সেটি হবে বড় ধরনের রাজনৈতিক ভুল। আওয়ামী লীগ যে কৌশল ব্যবহার করে শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন হয়েছিল, সেই কৌশল অনুসরণ করে বিএনপি কীভাবে জনগণের আস্থা ধরে রাখবে?
শ্রমিকদের আন্দোলনের মধ্যে এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন বিরোধী দলের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর এই অবস্থান সরকারের জন্য কী বার্তা বহন করছে?
শ্রমিকদের ন্যায্য দাবি, আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান অস্থিরতা মোকাবিলায় বিরোধী দলের ভূমিকা—সব মিলিয়ে বিষয়টি নতুন করে আলোচনার দাবি রাখে।
Author