
দেশের কোন জিডিপির মোট ১০ শতাংশ আসে পোশাক খাত থেকে। এই শিল্পের সাথে জড়িত প্রায় ৪০ লাখ মানুষ। দেশের মোট রপ্তানী আগের ৮০ শতাংশও আসে এই খাত থেকে। গত কয়েক বছর যাবৎ এই খাতে তৈরী হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। বর্তামন সরকার ক্ষমাতায় আসার পর থেকে পোশাক শিল্পখাতের উৎপাদন এবং অর্ডার বাতিল হয়েছে ৫০ শাতাংশের মত। এমন পেক্ষাপটে এই শিল্প অনিশ্চিত ভবিষৎদের দিকে যাচ্ছে।
গার্মেন্টস শিল্পের বর্তমান ও ভবিষৎ কর্মপন্থা, মজুরী, শ্রমিক অসন্তোষ এবং বৈষ্যিক সড়যন্ত্র মোকাবো নিয়ে পলিসি পেপারের প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
গত কয়েকদিন থেকেই ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, কারখানায় উৎপাদন বন্ধ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ। সংকট নিরসনে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। কিন্তু বাংলাদেশের প্রধান রপ্তানি খাতের এই অস্থিরতার পেছনে কি শুধু শ্রমিকদের বেতন-ভাতার প্রশ্ন, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে মালিকদের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রয়মূল্য নির্ধারণ এবং বৈশ্বিক বাজারে
প্রতিযোগিতার চাপ?
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প আবারও বড় ধরনের শ্রমিক অসন্তোষের মুখে পড়েছে। অক্টোবরের মাঝামাঝি রাজধানীর উত্তরা থেকে শুরু হওয়া বিক্ষোভ ক্রমে মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের প্রধান দাবি মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা। এর সঙ্গে বকেয়া বেতন পরিশোধ, চাকরির নিরাপত্তা, কথিত কালো তালিকাভুক্তি বন্ধ এবং ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিও যুক্ত হয়েছে।
গত ৩১ অক্টোবরের বিক্ষোভে আশুলিয়ার অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর ও মিরপুরেও উৎপাদন ব্যাহত হয়। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। কোথাও কোথাও যানবাহন ও কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি সামাল দিতে ১ নভেম্বর ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। তবে বোর্ড গঠনই যে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান, তা নিশ্চিত নয়। কারণ শ্রমিকদের অসন্তোষের পেছনে রয়েছে দীর্ঘদিনের জীবনযাত্রার ব্যয়, প্রকৃত আয় কমে যাওয়া এবং শিল্প খাতের অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা।
বাংলাদেশের পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মাসিক সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। নতুন কাঠামো কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে।
শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, গত তিন বছরে খাদ্য, বাসাভাড়া, পরিবহন, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই অনুপাতে আয় বাড়েনি। ফলে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
গত ২৬ অক্টোবর IndustriALL Bangladesh Council পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার ৮৫ টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবি জানায়। সংগঠনটির হিসাবে, ২৬০ মার্কিন ডলারের সমপরিমাণ এই মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকা হলো প্রচলিত ন্যূনতম মোট মজুরি কাঠামোর অঙ্ক। অন্যদিকে বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবিতে ৩০ হাজার বা ৩২ হাজার টাকা।
মজুরি বৃদ্ধির দাবির আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো শ্রম আইন সংশোধন। সংশোধিত বিধান অনুযায়ী, মজুরি কাঠামো তিন বছর পরপর পর্যালোচনার সুযোগ রয়েছে। সে হিসাবে ২০২৩ সালের মজুরি কাঠামো পুনর্বিবেচনার সময়ও ঘনিয়ে এসেছে।
আন্তর্জাতিক ক্রেতাদের চাপ: মুনাফা কমছে কারখানার, চাপ বাড়ছে শ্রমিকের ওপর
বাংলাদেশের পোশাকশিল্পের সংকটের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক ক্রেতা বা ব্র্যান্ডগুলোর সঙ্গে স্থানীয় উৎপাদকদের ব্যবসায়িক সম্পর্ক।
বিশ্বের বড় বড় পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে পণ্য কেনে। কিন্তু পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের মজুরি নির্ধারণে স্থানীয় কারখানাগুলোর দর-কষাকষির ক্ষমতা কতটা—সেটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।
শ্রমিক প্রতিনিধি, কারখানার মালিক ও শ্রম অধিকারকর্মীদের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রেতারা একদিকে শ্রমিক অধিকার ও পরিবেশগত মানদণ্ড উন্নয়নের দাবি জানাচ্ছেন, অন্যদিকে পণ্যের দাম কম রাখার চাপও দিচ্ছেন।
২০১৬ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) একটি জরিপে দেখাযায়, বাংলাদেশের সরবরাহকারীদের মাত্র ১৭ শতাংশ বলেছেন, তাঁদের ক্রেতারা ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব পণ্যের ক্রয়মূল্যে সমন্বয় করতে আগ্রহী ছিলেন।
BRAC বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, ২০২৩ সালের মজুরি বৃদ্ধির পর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বাইরের জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ কারখানা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছ থেকে কোনো মূল্যবৃদ্ধি পায়নি।
অবশ্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বক্তব্যও বিবেচনায় নিতে হবে। ২০২৪ সালে Business & Human Rights Resource Centre-এর কাছে বক্তব্য দেওয়া ১০টি ব্র্যান্ডের মধ্যে ৯টি জানিয়েছিল, তারা মজুরি বৃদ্ধির বিষয়টি ক্রয়মূল্যে সমন্বয় করেছে। তবে কতটা অতিরিক্ত ব্যয় বাস্তবে বহন করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।
অর্থাৎ আন্তর্জাতিক ক্রেতাদের ভূমিকা নিয়ে অভিযোগ থাকলেও সব ব্র্যান্ডের ব্যবসায়িক আচরণ এক রকম নয়।
মালিকদের সংকট: উৎপাদন ব্যয় বাড়ছে, মুনাফা কমছে
শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক হলেও কারখানার মালিকদের সামনে রয়েছে ভিন্ন ধরনের অর্থনৈতিক বাস্তবতা।
তথ্য অনুযায়ী, পোশাকশিল্পে ওপেন কস্টিং পদ্ধতির বিস্তার ঘটেছে। এই পদ্ধতিতে ক্রেতারা কাঁচামাল, শ্রম, উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয় ও মুনাফার হিসাব ধরে পণ্যের দাম নির্ধারণ করেন।
যার কারণে, অনেক কারখানার মুনাফার হার মাত্র ১ থেকে ৪ শতাংশের মধ্যে নেমে এসেছে। ক্রেতাদের নির্ধারিত দামে অর্ডার গ্রহণ করতে গিয়ে অনেক কারখানা এমন অবস্থায় পড়ছে, যেখানে সামান্য অতিরিক্ত ব্যয়ও লোকসানের কারণ হতে পারে।
এখানে প্রশ্ন হচ্ছে, মালিকদের মুনাফার সংকটের দায় কি শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে? নাকি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের দর-কষাকষির দুর্বলতা এর অন্যতম কারণ?
একদিকে মালিকেরা বলছেন, উৎপাদন ব্যয় না বাড়িয়ে মজুরি বৃদ্ধি করা কঠিন। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, মালিকদের ব্যবসায়িক ঝুঁকি ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার দায় তাঁরা বহন করতে পারেন না।
এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
গ্যাস-বিদ্যুৎ সংকট: নতুন করে চাপে শিল্প
মজুরি নিয়ে অস্থিরতার পাশাপাশি পোশাকশিল্পের আরেকটি বড় সংকট জ্বালানি। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BKMEA) তাদের সদস্য কারখানার ওপর পরিচালিত একটি জরিপের ফল প্রকাশ করে।
জরিপে পাওয়া তথ্য অনুযায়ী: ৫৫ শতাংশ কারখানা আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে অর্ডার বাতিল বা কমানোর অভিজ্ঞতার কথা জানিয়েছে। ৭৮ শতাংশ কারখানার উৎপাদন আংশিকভাবে বন্ধ রাখতে হয়েছে। ৮৭ শতাংশ কারখানায় পণ্য সরবরাহে বিলম্ব হয়েছে। ৬০ শতাংশ কারখানাকে ক্রেতাদের ছাড় দিতে হয়েছে। ৯২ শতাংশ কারখানাকে বিকল্প জ্বালানি ব্যবহারের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে। ৫৯ শতাংশ কারখানা ব্যাংকঋণ খেলাপি হওয়ার ঝুঁকির কথা জানিয়েছে।
জরিপে বিদ্যুৎ সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী কারখানা বিদ্যুৎ সরবরাহের সমস্যার কথা জানিয়েছে।
২২ সেপ্টেম্বর রয়টার্সও বাংলাদেশের পোশাকশিল্পের জ্বালানি সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ১৩৪টি নিটওয়্যার কারখানার ওপর পরিচালিত জরিপের বরাত দিয়ে বলা হয়, ৫৫ শতাংশ কারখানার ক্রেতারা অর্ডার কমিয়েছেন বা বাতিল করেছেন।
এতে বোঝা যায়, শ্রমিকদের মজুরি আন্দোলন এমন একটি সময়ে তীব্র হয়েছে, যখন শিল্পটি আগে থেকেই উৎপাদন ও রপ্তানি নিয়ে চাপে রয়েছে।
রপ্তানি আয়ে ধাক্কা: প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ?
বাংলাদেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্ব অপরিসীম। ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ৮০ দশমিক ৬ শতাংশ এসেছে এই খাত থেকে।
তবে উদ্বেগের বিষয় হলো, আগের অর্থবছরের তুলনায় পোশাক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও পণ্য সরবরাহে বিলম্বের কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে ভিয়েতনাম, ভারত ও অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতায় উৎপাদন ব্যয় ও সময়মতো পণ্য সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয়।
রয়টার্সের প্রতিবেদনে পোশাক রপ্তানিকারকদের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। তাদের মতে, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ক্রেতারা বিকল্প বাজার বিবেচনা করতে পারেন।
তবে শুধু শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ নেই। বরং উৎপাদন সক্ষমতা, পণ্যের মান, সরবরাহের সময় এবং ক্রয়মূল্য—সবকিছু মিলিয়েই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হবে।
১ নভেম্বর: নতুন মজুরি বোর্ড, কিন্তু অস্থিরতা কাটেনি
শ্রমিক অসন্তোষের মধ্যে ৩১ অক্টোবর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।
মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তবে বোর্ড গঠনের ঘোষণা সত্ত্বেও ১ নভেম্বর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সকালে গাজীপুরের চন্দ্রা ও কালিয়াকৈরের কারখানাগুলো খুলে শ্রমিকেরা কাজে ফিরেছিলেন। কিন্তু পরে ঢাকার মিরপুর, গাজীপুরের পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, ভোগড়া ও নাওজোড় এলাকায় নতুন করে বিক্ষোভ ও সড়ক অবরোধের করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। কিছু এলাকায় কারখানা বন্ধ ঘোষণা করা হয় এবং আইনশৃঙ্খলাবাহীনির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
Author